
একুশে বইমেলা আরও শিশু-বান্ধব করতে বাংলা একাডেমির জন্য সুপারিশ
অমর একুশে বইমেলা আরও শিশু-বান্ধব করতে বাংলা একাডেমির জন্য সুপারিশ
বই পড়ায় শিশুদের আগ্রহী করতে এবং আসন্ন অমর একুশে বইমেলা কীভাবে আরও শিশু-বান্ধব করা যায় সেই লক্ষ্যে “শিশুরাই সব” ও “বইবাড়ি রিসোর্ট” যৌথভাবে বেশ কিছু সুপারিশ প্রণয়ন করেছে। কয়েকজন লেখক, প্রকাশক, উন্নয়নকর্মী ও শিশু অধিকারকর্মীদের মতামতের প্রেক্ষিতে বইমেলার আয়োজক বাংলা একাডেমি, প্রকাশক, লেখক, প্রচ্ছদশিল্পী, শিক্ষক এবং অভিভাবকদের জন্য আলাদাভাবে সুপারিশগুলি তৈরি করা হয়েছে।
বাংলা একাডেমির জন্যে
• শিশু চত্বরে প্রবেশের সময় একটা আকর্ষণীয় দরজা বা ফটক রাখা যেতে পারে যার মাধ্যমে শিশুরা একটা আলাদা জগতে প্রবেশের আনন্দ পাবে। সেজন্য শিশুদের বয়সের কথা বিবেচনা করে রঙ, ছবি, ফন্ট ইত্যাদি ব্যবহার করে শিশু চত্বরকে সাজাতে হবে।
• মেলার যেকোনো দরজা দিয়ে ঢোকার পরই শিশু চত্বরে যাওয়ার পথনির্দেশ স্থাপন করা যেতে পারে। সেই নির্দেশনা অন্য সকল নির্দেশনা থেকে দৃশ্যগতভাবে পৃথক, অধিকতর রঙিন ও আকর্ষণীয় হবে হবে।
• স্টলগুলোতে বই প্রদর্শনের স্থান যাতে শিশুর উচ্চতায় থাকে তা খেয়াল রাখতে হবে।
• যেসব প্রকাশক বড়দের পাশাপাশি শিশুতোষ বইও প্রকাশ করেন, তাঁরা স্টলের একটি অংশ শিশুদের উপযোগী করে তৈরি করতে পারেন, যেখানে শিশুরা অভিভাবকের সঙ্গে গিয়ে তাদের বই খুঁজতে পারবে।
• শিশু প্রাঙ্গণে এমন এক বা একাধিক জায়গা নির্ধারিত থাকতে পারে যেখানে শিশুরা গল্প পাঠ, গল্প লেখা, আবৃত্তি ও চিত্রাঙ্কনের মাধ্যমে সৃজনশীল সময় কাটাতে পারবে।
• বড় শিশুর সঙ্গে মা যে কোলের সন্তানকে নিয়ে আসেন, তার জন্য ব্রেস্টফিডিং কর্নার থাকতে হবে।
• শিশুদের উচ্চতা উপযোগী পানি পানের জায়গা, শৌচাগার ও বেসিনের ব্যবস্থা থাকা দরকার।
• শিশু প্রাঙ্গণের ভেতরে বা তার কাছাকাছি শিশুতোষ বইয়ের লেখকদের জন্য আলাদা লেখক চত্বরের ব্যবস্থা করা যেতে পারে যেখানে শিশুরা তাদের প্রিয় লেখকদের সাথে সময় কাটাতে পারবে।
• মেলা উপলক্ষে প্রকাশিত নতুন শিশুতোষ বই কিংবা পঠিত অন্যান্য বই সম্পর্কে যাতে শিশুরা তাদের মতামত ও অনুভূতি প্রকাশ করতে পারে সেজন্য আলোচনা অনুষ্ঠানের ব্যবস্থা রাখা যেতে পারে। এর ফলে শিশুরা কী ধরনের বই পড়তে আগ্রহী সে সম্পর্কে লেখক ও প্রকাশকরাও ধারণা পেতে পারেন।
• বিভিন্ন নাট্যদলের সহায়তায় শিশুদের জন্য নাটক, পুতুলনাচ, মূকাভিনয় কিংবা অন্য পারফরম্যান্সের ব্যবস্থা করা যেতে পারে।
• অমর একুশে গ্রন্থমেলার পাশাপাশি শুধু শিশু-কিশোরদের উপযোগী প্রকাশনা নিয়ে আলাদা একটি মেলা আয়োজন করা যেতে পারে।
• মেলা প্রাঙ্গণে বই ব্যাংক তৈরি করে সেখানে বই দান করার ব্যাপারে মেলায় আগত ক্রেতাদের উৎসাহিত করা যেতে পারে।
• দেশের প্রত্যন্ত অঞ্চলের যেসব পাঠাগারে বইয়ের সংখ্যা অপ্রতুল সেখানে বই পাঠানোর ব্যবস্থা করা যেতে পারে।
সবগুলো সুপারিশ পড়তে মন্তব্যের ঘরে লিংক ক্লিক করুন।
ছবিঃ আশরাফুল আলম