
কথোপকথন : সবুজ ও অন্বেষা' সহজ কথা যায় না বলা সহজে' । হারাধন সাহা
প্রায়ই চাঞ্চল্যকর ফোনালাপ ফাঁস হওয়া নিয়ে দেশব্যাপী শোরগোল হয়। একেবারে টক অফ দি টাউন। কেউ কেউ প্রতিপক্ষের দিকে আঙ্গুল তুলে, কেউবা সরকারের দিকে। কিন্তু আমাদের জন্য দুঃসংবাদ হচ্ছে এখন ফোনে আড়িপাতা আরো সহজ হয়েছে। যে কেউ কিনতে পারেন ফোনে আড়িপাতার সফটওয়্যার।
কেবল দেশে নয়, এসব সফটওয়্যারের মাধ্যমে বিদেশের মাটিতে বসেও দেশের যে কোনো ফোনে আড়িপাতা সম্ভব। ঘটনা চক্রে আমিও একবার আড়ি পেতেছিলাম, মানে আড়িপাততে বাধ্য হয়েছিলাম।
মতীন্দ্র স্যারের বাসায় বসে আছি। ভিতর থেকে স্যার আসতে দেরি হচ্ছে। অগত্যা আশেপাশে স্তূপীকৃত বইয়ের দিকে হাত বাড়ালাম অনেকটা সংশয় নিয়ে। স্যার দেখলে কী ভাববেন? কোনো বইয়ের শুধু প্রচ্ছদ আর মূল্যটা দেখলাম, কোনোটার প্রায় অর্ধেক ভূমিকা পড়লাম, একটির সূচীপত্র দেখলাম, দু’চারটা দেখার পর আরেকটি বইয়ের প্রথম অধ্যায়/পর্ব পড়তে লাগলাম, দুই বন্ধু ফোনে কথা বলছে একজন চট্টগ্রামের মেয়ে অন্বেষা এবং অন্যজন কানাডার রাজধানী অটোয়াতে বসবাসরত নাম সবুজ।
ঘরে আর কেউ নেই, সুনসান নীরবতা। তাই সহজেই তাদের ফোনালাপে মনোনিবেশ করলাম। এতক্ষণ ভাবছিলাম স্যার দেরি করছে কেন? এবার চাইলাম আরো দেরি হোক। সাড়ে তিন পৃষ্ঠার প্রথম অধ্যায় ‘বিজয় দিবস’ পর্বটির শেষে দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম, ‘বই পড়া’ নিয়ে দু’জনের আলাপ চলছে। বেশ কৌতুহল উদ্দীপক তথ্যাদি,- তুরস্কে শহরের আবর্জনা সংগ্রহ করার কর্মচারীরা মানুষের ফেলে দেওয়া বই সংগ্রহ করে পাঠাগার বানিয়েছে।
বলিভিয়ার কারাগারে কয়েদিরা পাঠাগারে বই পড়লে শাস্তিও কমে যাবে আবার টাকাও অর্জন হবে। এটা হচ্ছে- ‘বুকস বিহাইন্ড বার’। আহা, এ কথা শোনে বইপোকাদেরও আক্ষেপ হতে পারে যদি কয়েক বছরের জন্য জেলে যেতে পারতাম। লেখক মনোরঞ্জন ব্যাপারী, বরিশালে দলিত পরিবারে জন্ম। বর্তমানে ভারতে বসবাসরত, যার কারাগারেই হয়েছিল অক্ষর পরিচয়, তিনি লিখেছেন ‘ইতিবৃত্তে চণ্ডাল জীবন’-দলিত মানুষের বেঁচে থাকার জীবনযুদ্ধের কাহিনি। ২০১৪ সালে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি কর্তৃক ‘সুপ্রভা মজুমদার স্মৃতি’ পুরস্কার লাভ করেন।
গোলাম সরওয়ার'র কোমলমতি শিশুদের জন্য ক্ষতিকর বিষয় নিয়ে লেখা 'Humanity On Trail'. বরিশালের লামচড়ি গ্রামের আরেক আশ্চর্য ব্যক্তিত্ব, আরজ আলী মাতুব্বর পড়ালেখা ষষ্ঠ শ্রেণি পর্যন্ত। তিনি প্রশ্ন রাখেন সমাজের কাছে, ‘ধর্মের নামে কুসংস্কার সত্য, না বিজ্ঞানলব্ধ জ্ঞান সত্য’? কাবুলে জন্ম, পলিটিক্যাল এসাইলামে ১৯৮০ সাল থেকে আমেরিকাতে আছেন খালেদ হোসাইনি’র বই 'Kite Runner’, National Bestseller হয়েছে।
বই নিয়ে দারুণ সব তথ্যাদি, যাকে বলে Bibliography (বিবলিওগ্রাফি)। অনেকদিন আগে শংকরের (মণিশংকর মুখোপাধ্যায়,পশ্চিমবঙ্গ) একটি বই পড়েছিলাম ‘কত অজানারে’। জানি জানি করেও অনেক কিছু অজানাই রয়ে গেল। দরজা খোলার শব্দে উঠে দাঁড়ালাম ম্যাডাম (নেলী বড়ুয়া) এসে বললেন-
‘আপনার স্যার মাত্র বাহির থেকে এসেছে, আরেকটু বসতে হবে।’
-আচ্ছা, আজ স্যার রেস্ট নিন আমি পরশু আসবো।
আমার হাতের বইটা দেখে ম্যাডাম বললেন,
‘বইটা পড়ছিলেন?’
-৩৭ পৃষ্ঠা পর্যন্ত পড়লাম।
‘আচ্ছা, যদি চান নিয়ে যান, পরশু আপনার স্যারকে ফেরত দিয়েন।’
বইটির নাম ‘কথোপকথন’ লিখেছেন কানাডা প্রবাসী চট্টগ্রামের ‘বনানী বাবলি’। ১৫২ পৃষ্টার গ্রন্থটির যে পাঠক আকর্ষণ ক্ষমতা আছে তা মানতেই হবে। ১৭টি কথোপকথন পর্ব, প্রতিটি পর্বের একটি শিরোনাম আছে,- ‘অপরাধ’, ‘ভ্রমণ বিচিত্রা’, 'বাংলা ভাষার সঠিক চর্চা'...। শেষে সংযুক্ত হয়েছে ২টি কবিতা এবং ৬টি প্রবন্ধ।
নাম দেখে মনে হয়েছিল প্রেমিক-প্রেমিকার রমরমা মন ভুলানো আলাপ-সালাপ হবে। কিন্তু প্রেমের ঘনঘটার পরশ ছাড়িয়ে মুখ্য হয়ে উঠেছে সমসাময়িক বিবিধ বিষয়ের তুলনামূলক আলোচনা, এমনকি ঘটনার পিছনের ঘটনা। এ যেন কথা সাহিত্যের ভিতর দিয়ে উপস্থাপিত হয়েছে দৈনন্দিন জীবনের হাসি-কান্না, সুখ-দুঃখ, বিষণ্নতার চিত্র কিংবা সূক্ষ্ম অব্যক্ত অনুভূতির প্রকাশ।
যুদ্ধ বিধ্বস্ত পূর্ব আফ্রিকার দেশ ইরিত্রিয়াতে গাছের ডাল কাটলে কারাগারে রাত কাটাতে হয় শাস্তি স্বরূপ। রবি ঠাকুরের ‘বলাই’ এবং স্যার জগদীশ চন্দ্র বসু থাকলে কী যে খুশি হতেন! সুইডেনে নাকি ভিক্ষা করতে লাইসেন্স নিতে হয়। আমাদের অবশ্য এহেন আমলাতান্ত্রিক ঝামেলা নেই, যার যেমন ইচ্ছা কর হে ভিক্ষা। তবে চাকরির ক্ষেত্রে আবার আমাদের উল্টো ব্যাপার প্রার্থীর জীবন বৃত্তান্তে- ধর্ম, লিঙ্গ ও বয়স অবশ্যই উল্লেখ করতে হয়, যাহা উন্নত অনেক দেশে আবশ্যক নয়।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে 'Golbal food supply chain' এর উপর বিরাট প্রভাবে বিশ্বব্যাপী খাদ্যের অভাব ও মূল্যবৃদ্ধি পেয়েছে। যেহেতু ইউক্রেন পৃথিবীর ৫ম গম রফতানীকারক দেশ। অন্যদিকে রাশিয়া বিশ্বের সর্বোচ্চ তেল গ্যাস উৎপাদনকারী। রাশিয়াকে sanction দিয়ে কোণঠাসা করতে গিয়ে নিজেরাই sanction এর শিকার। অবস্থাদৃষ্টে মনে হয় ইউক্রেন ন্যাটোভূক্ত না হলে পৃথিবী অচল হয়ে যাবে। উচিত কথা বললে বন্ধু বেজার হয়। আমেরিকা যখন আফগানিস্তান ও ইরাকের উপর হামলা করেছিল, তখন? কোনো দেশ তো যুদ্ধের বিরুদ্ধে শান্তির ললিত বাণী শুনাতে আসেনি। সেই পুরনো প্রবাদ ‘বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে’? ইউরোপ-আমেরিকানরা সর্বদা গরীব দেশগুলোকে শান্তি ও যুদ্ধ বিরোধী মিছেমিছি উপদেশ দিয়েছে, প্রয়োজনে অপ্রয়োজনে হাজারো উপদেশ এখনো দেয়। আজ নিজেরাই যুদ্ধে লিপ্ত।
কথায় আছে ‘কে কারে মারে নিজে নিজে মরে’। উন্নত দেশে অস্ত্র তৈরি এখন প্রধান ব্যবসা। লকহিড মার্টিন, বোয়িং, নর্থরপ গ্রুম্যান, বিএই সিস্টেমস, নরিনকো বিখ্যাত অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে দিনরাত কাজ করেও চাহিদা মোতাবেক যোগান দিতে পারছেনা। এ কথা সত্য যে, বিগত ১০০ বছরে ইউরোপ-আমেরিকার ইশারা ছাড়া এশিয়া, আফ্রিকা কিংবা লাতিন আমেরিকায় কোন যুদ্ধ হয়নি। এমন কী আমাদের মুক্তিযুদ্ধ। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ কারা সূচনা করেছিল?
বঙ্গবন্ধু বলেছিলেন, ‘সাম্প্রদায়িকতার বীজ বাংলার মাটিতে কোনোদিন আসতে পারবে না।’ অথচ দেখা যাচ্ছে মৌলবাদী রোষানলের কারণে পাঠ্যপুস্তক থেকে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, লালন শাহ, ভারতচন্দ্র, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়সহ অনেককেই বিদায় জানানো হয়েছে। ষাট বা সত্তরের দশকে বাংলা সাহিত্যে ব্যবহৃত অনেক শব্দও এখন অভিধান থেকে উধাও। মজার কথা হচ্ছে আর্থিক লাভালাভের জন্য আমরা নীতি নৈতিকতা বা ধর্মের ধার ধারি না। পৃথিবীর বিভিন্ন দেশ এবং নর্থ আমেরিকাতে রোজার মাসে সুপার মার্কেটে খাদ্যদ্রব্যে মূল্যহ্রাস দেয় 'Happy Ramadan' লিখে। অথচ আমাদের ধর্মপ্রাণ মানুষের দেশে রোজার মাসে প্রতিদিন মোবাইল কোর্ট বাহির হয় মূল্য স্থিতিশীল রাখতে, কখনো চলে ভেজাল বিরোধী অভিযান।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সূতিকাগার যে বেগম মুশতারী শফীর বাসাতেই এটা যেমন আমরা অনেকেই জানি না, তেমনি জানি না লতা মুঙ্গেশকর তাঁর কিছু গানের রয়্যালিটি দিয়েছিলেন মুক্তিযোদ্ধাদের ফান্ডে। হয়তো ভুলেই গেছি যে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীই প্রথম বিশ্বের দরবারে পাকিস্তানিদের দ্বারা পূর্ব বাংলার মানুষের শোষিত ও বঞ্চিত হওয়ার ইতিহাসের চিত্র তুলে ধরেছিলেন। স্বাধীনতার জন্য আমরা ভারত ও রাশিয়ার কাছে কৃতজ্ঞ।
মানুষ জন্মগত ভাবেই স্বাধীন, কানাডায় মাইনাস ফিফটিন শীতে সমাজসেবীরা গৃহহীন মানুষদের রাস্তা থেকে তুলে শেল্টারে পৌঁছে দেয় শীতে যাতে কষ্ট না হয় বা মারা না যায়। কিন্তু কয়েক দিন পরেই তারা আবার রাস্তায় চলে আসে। কারণ হচ্ছে কোনো নিয়মের বাঁধনে থাকতে চায় না। চায় অপার স্বাধীনতা। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় অনেক আগেই বলেছেন, ‘স্বাধীনতা-হীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়?’
স্বল্প পরিসরে হয়তো গ্রন্থটির খুঁটিনাটি বলা সম্ভব হয়নি। যেমন- ‘সবুজ অরণ্য’, ‘প্রাণীকুলের অধিকার’, ‘দুর্গা পূজায় সহিংসতা’,‘ নারী নির্যাতন’, ‘শিক্ষকদের উপর হামলা’, ‘সমকামিতা’ নিয়ে কিছুই বলা হলো না। বইটি পড়তে ভালো লেগেছিল বলেই দু’চারটি কথা আপনাদের বললাম। এ আমার একান্তই নিজের কথা। গ্রন্থটি একুশে বইমেলা ২০২৩ এ শ্রাবণ প্রকাশনী থেকে বের হয়েছে। লেখক বনানী বাবলি’র মঙ্গল কামনা করছি। তিনি হাজার মাইল দূরে থেকেও জন্মভূমির ভালো-মন্দ নিয়ে ভাবেন, দেশের জন্য আকুল হোন, স্বজনদের জন্য ব্যাকুল হোন।
সবাই ভালো থাকবেন
বইয়ের সাথেই থাকবেন।
পুনশ্চ: পাঠক হয়তো জানতে চাইবেন অন্বেষা ও সবুজের সম্পর্কের বন্ধন কতটা গভীর? অথবা সম্পর্কের ধারাটাই বা কেমন? অনেকদিন আগে একটা গান শুনেছিলাম-
'দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল
রেললাইল বহে সমান্তরাল
বহে সমান্তরাল।'
হারাধন সাহা
নেত্রকোণা।
৩০ মে ২০২৩